চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮
প্রতিকী ছবি
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ জন মাদক বহনকারী ও ৩৭ জন মাদকসেবী রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৪ হাজার ৫৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড এবং মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৩ জন ও চাঁদপুরে ৩ জন, কুমিল্লায় ২ জন, নোয়াখালীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।
জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।