কার্টআপে পাওয়া যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য
ছবি: সংগৃহীত
স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য বিক্রির অনলাইন চ্যানেল বাড়াতে ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সঙ্গে যৌথভাবে কাজ করবে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ নিয়ে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে কার্টআপের মাধ্যমে রিয়েলমির স্মার্টফোন ও আনুষঙ্গিক পণ্য কিনতে পারবেন গ্রাহকেরা।
সম্প্রতি ঢাকার গুলশানে রিয়েলমি বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন এবং অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশে রিয়েলমির অনলাইন বিক্রয় ও পণ্য বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি অনলাইনে গ্রাহকদের কাছে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়ার সুযোগ বাড়বে।
কার্টআপ বাংলাদেশের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত প্ল্যাটফর্মটি মানসম্মত পণ্য সরবরাহ, পণ্যের সত্যতা নিশ্চিত করা এবং দ্রুত ডেলিভারির ওপর গুরুত্ব দেয়।
রিয়েলমি জানিয়েছে, উদ্ভাবনী প্রযুক্তি ও সহজলভ্য পণ্যের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি। কার্টআপের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশজুড়ে আরও বেশি গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া এবং অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা সহজ করাই তাদের লক্ষ্য।