চোর ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

চোর ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিকি ছবি

মাদারীপুরের রাজৈরে মাদ্রাসার জন্য সাহায্য চাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই ব্যক্তিকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন মেরজন শেখ নামে এক বৃদ্ধ।

শনিবার সকালে টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাওয়ার কথা বলে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বাজারে হাসিবুলকে দেখতে পান মেরজন শেখ। পরে তাকে ধরতে ধাওয়া করেন তিনি। এ সময় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় লোকজন হাসিবুল খাঁকে আটক করে মারধর করেন। পরে তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মৃত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। অভিযুক্ত হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মৃত মেরজন শেখের বাড়ি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।