নিষিদ্ধ আওয়ামী নেতার বাড়ি থেকে সাতজন আওয়ামী লীগ কর্মী আটক
ছবি সংগৃহীত।
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে দলটির সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন, পলাশ হাওলাদারসহ মোট সাতজন।
সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানিয়েছেন, তাদের বাড়িতে লহ্মী পূজার অনুষ্ঠান চলছিল।
ওই অনুষ্ঠানে তার কিছু শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দেওয়া হয়েছিল।
রোববার সন্ধ্যার আগ মুহূর্তে কিছু লোক তাদের বাড়িতে এসে লহ্মী পূজার দাওয়াতে আসা ছয়জনসহ তার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।