কুরিয়ারে পাঠানো হচ্ছিল ২ কোটি টাকার হেরোইন, ডিবির অভিযানে জব্দ
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা পাঠানোর সময় দুই কোটি টাকা মূল্যের দুই কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করে হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে শান্তিমোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার মিরপুরের ঠিকানায় বুকিং দেওয়া দুই কেজি হেরোইন জব্দ হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সকালে এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকে অভিযান চলছে।’