ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন?

ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন?

ফাইল ছবি

বছরের পর বছর ধরে অনেকেই লক্ষ্য করেন যে তাদের ঠোঁট কালো হয়ে যাচ্ছে। ধূমপায়ীরা একথা শুনে থাকেন যে এর জন্য সিগারেটই দায়ী। কিন্তু ধূমপান কীভাবে আপনার ঠোঁটের রঙ পরিবর্তন করে? ধূমপানের কারণে ঠোঁট কালো হতে পারে, কারণ নিকোটিন, তাপ এবং ধোঁয়া ঠোঁটের ত্বককে অতিরিক্ত রঞ্জক পদার্থ তৈরি করতে বাধ্য করে। ধূমপান ছেড়ে দিলে ঠোঁটের রঙের উন্নতি হয়। কিন্তু ঠোঁটের উপর কালো ছোপ সবসময় ক্ষতিকর নয় এমনটা নয়। এটি কীভাবে ঘটে, গবেষণা কী বলে তা এখানে তুলে ধরা হলো।

ধূমপান কীভাবে ঠোঁট কালো করে?

ধূমপানের কারণে সময়ের সাথে সাথে ঠোঁট কালো হতে পারে। নিকোটিন এবং তাপ ঠোঁটের ত্বককে অতিরিক্ত রঞ্জক পদার্থ তৈরি করতে বাধ্য করে। ধূমপান ছেড়ে দিলে রঙের উন্নতি হয়। জেনে নিন এটি কীভাবে ঘটে-

অতিরিক্ত রঞ্জক পদার্থ

নিকোটিনসহ ধোঁয়ার রাসায়নিক পদার্থ মেলানোসাইট নামক কোষকে উদ্দীপিত করতে পারে। এই কোষগুলো মেলানিন তৈরি করে, যা ত্বকের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। ডাক্তাররা একে স্মোকার্স মেলানোসিস বলেন।

বারবার জ্বালাপোড়া

তাপ এবং ধোঁয়া ঠোঁটের পাতলা চামড়ায় বারবার জ্বালাপোড়া সৃষ্টি করে। সেরে ওঠার সময় এটি কালো দাগ রেখে যেতে পারে। একে পোস্ট-ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন বলা হয়।

শুষ্কতা এবং দুর্বল নিরাময়

ধোঁয়া ঠোঁটকে শুষ্ক করে এবং ছোট রক্তনালীগুলোকে সংকুচিত করে। রক্ত সরবরাহ কম হওয়ার অর্থ হলো নিরাময় প্রক্রিয়া ধীর হওয়া।

সূর্যের আলোয় ক্ষতি

অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটের প্রাকৃতিক সুরক্ষা খুব কম থাকে। সূর্য এই কালো দাগকে আরও গভীর করতে পারে।

গ্লোবাল মেডিকেল অ্যান্ড হেলথ কমিউনিকেশন-এ ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় ইন্দোনেশিয়ার বান্দুং-এর ৩৮ জন সক্রিয় ধূমপায়ীর সাথে ৬২ জন অধূমপায়ীর তুলনা করা হয়েছিল। সকলেই পুরুষ ছিলেন। ধূমপানের সাথে ঠোঁট, মাড়ি এবং দাঁতের বিবর্ণতার একটি উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। গবেষকরা উল্লেখ করেছেন যে ধূমপায়ীদের মেলানোসিস মাড়ি এবং ঠোঁটে প্রচুর পরিমাণে দেখা যায়। গবেষণাটি ছোট এবং পর্যবেক্ষণমূলক ছিল, তাই এটি প্রমাণ হিসেবে যথেষ্ট নয়।

ঠোঁট এত সহজে কেন প্রভাবিত হয়?

ঠোঁটের ত্বক খুব পাতলা। এতে কোনো তেল গ্রন্থি নেই এবং মেলানিনও খুব কম থাকে। তাই এটি দ্রুত শুকিয়ে যায় এবং প্রতিক্রিয়া দেখায়। এই কারণেই ঠোঁটে ক্ষতির চিহ্ন তাড়াতাড়ি দেখা যায়।

ধূমপানের কারণে কালো হয়ে যাওয়া ঠোঁট কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে?

ধূমপান ছাড়ার পর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে ঠোঁটের রং ধীরে ধীরে হালকা হয়ে যায়। যারা দীর্ঘদিন ধরে বেশি ধূমপান করেন, তাদের ক্ষেত্রে এটি পুরোপুরি নাও ফিরতে পারে।

সব ধূমপায়ীরই ঠোঁট কালো হয় না। জিন, ত্বকের রঙ, সূর্যের আলো এবং আপনি কতদিন ধরে ও কী পরিমাণে ধূমপান করেন- এই সবকিছুরই এতে ভূমিকা রয়েছে।

ঠোঁটের কালো ছোপ কি সবসময় ধূমপানের কারণে হয়?

না।সূর্য, কিছু লিপস্টিক বা প্রসাধনী, অ্যালার্জি, নির্দিষ্ট কিছু ওষুধ, আয়রন বা ভিটামিনের অভাব এবং কিছু শারীরিক অসুস্থতার কারণেও ঠোঁট কালো হতে পারে।

স্মোকার্স মেলানোসিস সাধারণত নিরীহ। কিন্তু নাইজেরিয়ান ডেন্টাল জার্নালে ২০২৩ সালের একটি পর্যালোচনায় এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে ১৬টি গবেষণা পর্যালোচনা করা হয়। কিছু প্রতিবেদনে একটি “নীরব” মেলানোমার কথা বলা হয়েছে, যা একটি মারাত্মক ত্বকের ক্যান্সার, এবং এটিকে নিরীহ স্মোকার্স মেলানোসিস বলে ভুল করা হয়েছিল। লেখকরা ডাক্তারদের অনুরোধ করেছেন যেন কালো ছোপকে নিরীহ বলে ধরে না নিয়ে বায়োপসি করার কথা বিবেচনা করা হয়। এই পর্যালোচনাটি মুখের উপর আলোকপাত করলেও, এর বার্তা ঠোঁটের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে কখনোই নিজে নিজে রোগ নির্ণয় করবেন না।