শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

সংগৃহীত ছবি

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর সদরের হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জুয়েল মিয়া শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

আহতরা হলেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)।

ফেরদৌসুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল।

সংঘর্ষে সিএনজির যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো চার যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী জানান, তার ভাই প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকেন। ২০ দিন আগে তিনি দেশে এসেছেন।

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুরে এসেছিলেন জুয়েল। বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুল হাসান আজাদ জানান, পৌরসভার হিসাবরক্ষক ও হিসাব সহকারীকে নিয়ে তিনি বিকেলে শেরপুর শহরে এসেছিলেন। পরদিন বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া তিন কর্মকর্তার জন্য উপহার কিনতে তারা শেরপুরে আসেন। কাজ শেষে তিনি শেরপুর শহরের বাসায় ফিরে যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।