সিটি ব্যাংকের প্রথম ৯ মাসে মুনাফা ৮৬৭ কোটি টাকা, বেড়েছে ২০ শতাংশ
ছবি: সংগৃহীত
চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা (কনসোলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স) ২০ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা।
একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৪ টাকা ৯৬ পয়সায় দাঁড়িয়েছে। গত বছরের প্রথম নয় মাসে এই আয় ছিল ৪ টাকা ১৩ পয়সা (ডিলিউটেড)।
বুধবার (৪ নভেম্বর) ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে এসব তথ্য জানায় সিটি ব্যাংক। এতে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম।
অনুষ্ঠানের শেষ পর্বে বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা ব্যাংকের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক বছরে ব্যাংকটির কার্যক্রম ও অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে ব্যাংকটি।