শিক্ষামন্ত্রীর হাত থেকে ‘দেশসেরা মেধার স্বীকৃতি’ গ্রহণ করলেন কুন্তলা মজুমদার
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রীর হাত থেকে দেশসেরা মেধার স্বীকৃতি গ্রহণ করলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিক কুন্তলা মজুমদার। তিনি চলতি বছরে অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এম এড পরীক্ষায় সিজিপিএ- ৩.৭১ পেয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করেন। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কুন্তলা মজুমদারের হাতে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। তার এ অর্জনে উচ্ছ্বসিত গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
কুন্তলা মজুমদার দক্ষ শিক্ষক হিসেবে ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী কুন্তলা মজুমদার ২০২৫ সালে আইসিটি শিক্ষক বাতায়ন থেকে ফরিদপুর জেলা প্রাথমিক সেক্টরের জেলা এম্বাসেডর হয়েছেন।
চলতি বছরের শিক্ষক বাতায়নে জেলার শ্রেষ্ঠ কনটেন্ট নির্মাতা হয়েছেন। ২০২২, ২০২৩ ও ২০২৬ সালে নগরকান্দা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন তিনি। এছাড়া ২০২৩ সালে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সরকারি শিক্ষক মনোনীত হয়েছিলেন কুন্তলা মজুমদার।