জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

ছবি সংগৃহীত।

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের মতোই এ উপনির্বাচনে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১১-দলীয় জোটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে সিইসি বলেন, তাঁরা সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি পরিহার করে একটি আনন্দমুখর নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান।