‘এশিয়া কাপ জেতার আশা থাকবে, তবে আসল টার্গেট ২০২৮ বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা থাকবে, তবে আসল টার্গেট ২০২৮ বিশ্বকাপ’

ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। একই লক্ষ্য নিয়ে এবারও এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার দলের সঙ্গে রয়েছে অভিজ্ঞ কোচিং প্যানেল। ফলে প্রত্যাশাটাও বেশি সমর্থকদের। বিসিবির গেম ডেভালপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহারও প্রত্যাশা আরো একবার শিরোপার দেখা পাবে যুবা টাইগাররা।

ফাহিম বলেন, 'অবশ্যই, প্রত্যাশা থাকবে এশিয়া কাপ জেতার। বিশ্বকাপই আমাদের আল্টিমেট টার্গেট। এই ব্যাচটা বিশ্বকাপ পর্যন্ত একসাথে থাকবে। লম্বা জার্নি, ২০২৮ সালের শুরুতে বিশ্বকাপ। অবশ্যই, বিশ্বকাপ জেতাই আমাদের টার্গেট।' 

এবার যুব দলের কোচিং প্যানেলে সবাই দেশি কোচ। এ প্রসঙ্গে ফাহিম বলেন, 'কোচিং স্টাফে দেশি হোক কিংবা বিদেশি সবার কাছেই প্রত্যাশা থাকে উন্নতির প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে বা এশিয়া কাপ জিততেই হবে ব্যাপারটা তা না।'

'সেরা এফোর্ট থাকবে জেতার জন্য, লক্ষ্য থাকবে এশিয়া কাপ জিতে ফেরার। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে খেলোয়াড়দের উন্নতি হচ্ছে কীভাবে, আমাদের প্রক্রিয়াটা ঠিক আছে কি না। আমরা এখান থেকে কী ফল পেলাম, কজন ভালো খেলার দেখতে পেলাম ভবিষ্যতের জন্য।'-যোগ করেন তিনি।