এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার(২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশনের খুলনামুখী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) ও নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ঢাকা থেকে ভাঙ্গার দিকে, আরেকটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে এলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী রাজন (২১) এবং ইয়ামিন (২৮)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিনিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চার ব্যক্তিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে আমরা মৃত ঘোষণা করি। গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তৌহিদ আহমেদ বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেলের দুই চালক নিহত ও দুই মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।