বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
প্রতিকি ছবি
বগুড়া জেলা কারাগারে মাদক মামলায় বন্দি রহিম উদ্দিন (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত রহিম উদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের ঠারু শেখের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান।
কারাগার সূত্রে জানা যায়, রহিম উদ্দিন মাদক মামলার আসামি ছিলেন। গত ৫ জুন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে অসুস্থ ছিলেন। রোববার রাত দেড়টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
জেল সুপার মো. আসাদুর রহমান জানান, সোমবার (২ নভেম্বর) একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।