রাসায়নিক দিয়ে কলা পাকানো, লাকসামে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাসায়নিক দিয়ে কলা পাকানো, লাকসামে দুই ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে কাঁচা কলা পাকানোর অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি ফলের দোকানে আকস্মিক তল্লাশি চালানোর সময় কাঁচা কলা দ্রুত পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ও কার্বাইড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। রাসায়নিক প্রয়োগে ফল পাকানো ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও নার্গিস সুলতানা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল মেশানো কিংবা ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।