যুবদল নেতা শাকের হত্যা মামলা: মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার
ছবি: সংগৃহীত
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যার ১৩ দিন পর মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
গোলাম জাহিদ মাগুরা সদর উপজেলার পারনন্দয়ালী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকায় ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেফতার করা হয়।
এর আগে এ হত্যা মামলায় যুবদল নেতা রনি শিকদার (৩৮), শামীমা ইয়াসমিন লুবনা (৩১), ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার (৪০) এবং মাগুরা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর (বুধবার) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানান, শাকের হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।