গ্যাস সরবরাহ বন্ধ নয়, হ্রাস পাবে: বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
ফাইল ছবি
আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
প্রকৃত পরিস্থিতি তুলে ধরে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দু’টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।
এর ফলে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চার দিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।
পেট্রোবাংলার ভাষ্য, সরবরাহ কমে গেলেও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।