কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫
প্রতিকি ছবি
কুমিল্লায় এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ ছড়ানোর উসকানি, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ব্যবসা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।
সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।
অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন তিনি।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।