কে এই আবু বকর??

কে এই আবু বকর??

ফাইল ছবি

ইন্টারনেটের কল্যাণে বিনোদনের জগৎ এখন আর নির্দিষ্ট কোনো দেশের সীমানায় আটকে নেই। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে ইউটিউব ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শক উপভোগ করছেন বিশ্বের নানা দেশের সিনেমা ও ধারাবাহিক। সেই ধারায় বাংলাদেশের দর্শকদের মধ্যেও জায়গা করে নিয়েছে পাকিস্তানি নাটক। 

সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। চরিত্রটির প্রেম, ব্যক্তিত্বের দুর্বলতা এবং অপ্রকাশিত অনুভূতি নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই এবার মুখ খুলেছেন অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

পাকিস্তানের জনপ্রিয় উর্দু ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ২০২৬ সালের ১ আগস্ট থেকে প্রচার শুরু হয়। এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচারিত নাটকটির গল্পে রয়েছে নানা নাটকীয় মোড় ও অপ্রত্যাশিত ঘটনা। এতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াব হাবিব চরিত্রে দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে রয়েছেন নামির নাওয়াজ খান।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অভিনীত আবু বকর চরিত্রটির নানা দিক তুলে ধরেছেন শেহরিয়ার। তার বক্তব্যে উঠে এসেছে চরিত্রটির ব্যক্তিত্বের কিছু দুর্বলতা, জারিয়াবের প্রতি দীর্ঘদিনের ভালো লাগা এবং সেই অনুভূতি প্রকাশের আড়ালে থাকা নানা ইঙ্গিত।

কে এই আবু বকর? 

আবু বকরের চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। তিনি পাকিস্তানের অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও প্রযোজক। ১৯৮৮ সালের ৯ আগস্ট কারাচিতে জন্মগ্রহণ করেন তিনি। কারাচির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অর্থায়ন ও বিপণন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্ত হন বিনোদনজগতের সঙ্গে।

ক্যারিয়ারের শুরুতে মডেলিং ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন শেহরিয়ার। ২০১২ সালে ‘মেরে দরদ কো জো জুবান মিলে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। প্রথম দিকের কাজেই দর্শকদের নজর কাড়েন তিনি। এ ধারাবাহিকে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘হাম অ্যাওয়ার্ড’-এ সেরা টেলিভিশন সেনসেশন বিভাগে পুরস্কারও পান।

শেহরিয়ারের বাবা মুনাওয়ার আলম সিদ্দিকি পাকিস্তান বিমানবাহিনীর এয়ার কমোডর ছিলেন। অবসর নেওয়ার পর ব্যবসায় যুক্ত হন তিনি। তার মা আমিনা মুনাওয়ার সিদ্দিকি একজন গৃহিণী। বাবা মুনাওয়ার হাম নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তার ফুফু সুলতানা সিদ্দিকি।