যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল প্রকাশিত হতে শুরু করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১০টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্রেটিক পার্টি আটটি এবং রিপাবলিকান পার্টি দুটি আসনে জয় পেয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, ডেমোক্র্যাটরা ফ্লোরিডায় চারটি, কেন্টাকিতে একটি এবং জর্জিয়ায় তিনটি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকানরা ফ্লোরিডা ও কেন্টাকিতে একটি করে আসন পেয়েছেন।

 

জর্জিয়ার সিনেট আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন ওসোফ। ২৯ শতাংশ ভোট গণনা শেষে তার ঝুলিতে পড়েছে ৬৫ দশমিক ৪ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্স পেয়েছেন ৩৪ দশমিক ৬ শতাংশ।

সন্ধ্যা ৬টায় ইন্ডিয়ানা ও কেন্টাকির কয়েকটি এলাকায় ভোটকেন্দ্র বন্ধ হয়।

সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার অধিকাংশ এলাকা ছাড়াও জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়ায় ভোট গ্রহণ শেষ হয়। আধা ঘণ্টা পর নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোটের সময় শেষ হয়।

পর্যায়ক্রমে রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অন্যান্য অঙ্গরাজ্যের কেন্দ্রগুলো বন্ধ হওয়ার কথা। আলাস্কার পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় রাত ১টায় শেষ হবে ভোটগ্রহণ।

এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের পাশাপাশি সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ গুরুত্বপূর্ণ পদে ভোট হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের নিয়ন্ত্রণ পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত সিদ্ধান্তে বাধা দেওয়ার পাশাপাশি তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্তের সুযোগ তৈরি হবে।

 এদিকে অঙ্গরাজ্যভেদে ডাকযোগে ও আগাম ভোটের ব্যালট যাচাই এবং গণনার বিধিতে ভিন্নতা থাকায় চূড়ান্ত ফল প্রকাশে সময় লাগতে পারে। ফ্লোরিডার মতো কিছু অঙ্গরাজ্যে আগেই ব্যালট স্ক্যান করে রাখার সুযোগ থাকলেও মিশিগান ও উইসকনসিনে ভোটের আগে ডাকযোগে আসা ব্যালটের খাম খোলার অনুমতি নেই। এ কারণে এসব এলাকায় ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা রয়েছে।