ডি-৮ বাণিজ্যচুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
সংগৃহীত
ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পারস্পরিক শুল্ক সুবিধা বৃদ্ধি, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর এবং জোটের কার্যক্রম আরও গতিশীল করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।
তুর্কিয়ের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আন্তঃবাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান বাণিজ্য বাধা দূর করা, শুল্ক সুবিধা সম্প্রসারণ এবং বাণিজ্য সহজীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে ডি-৮ সচিবালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুধু চুক্তি সম্পাদন নয়, সেগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। ডি-৮কে একটি কার্যকর ও ফলাফলমুখী জোট হিসেবে গড়ে তুলতে এর প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুর্কিয়ে সফর করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।