সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী আটক
সংগৃহীত
সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানাকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে বনজীবীরা।
মঙ্গলবার দুপুরে মিরাজুল নামে এক বনজীবী সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সানাকে শনাক্ত করার পর তিনিসহ তার সঙ্গে থাকা লোকজন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে তাকে সাতক্ষীরা সদর থানা হাজতে রাখা হয়েছে।
আটক শাহিনুর সানা উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মাওলা বক্স সানার ছেলে।
বনজীবী মিরাজুল জানান, কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাকে জিম্মি করেছিলেন। পরে তিনি দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে ছাড়া পান।
ওই সময় তিনি আটক শাহিনুর সানাকে বনদস্যু জাহাঙ্গির বাহিনীর সহযোগী হিসেবে তাদের সাথে দস্যুতা করতে দেখেন।
বর্তমানে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলে-বাওয়ালিদের মধ্যে বনদস্যু আতঙ্ক বিরাজ করছে বলে মিরাজুল জানান। তবে, সানার আটকের খবরটি সুন্দরবন উপকুলীয় এলাকায় ছড়িয়ে পড়লে সেখানকার জেলে-বাওয়ালিদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
এদিকে, সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত জেলে-বাওয়ালীদের উদ্ধার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা কয়েক দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপকূলীয় এলাকার বনজীবীসহ স্থানীয় বাসিন্দারা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বনদস্যু শাহিনুর সানার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর তাকে সাতক্ষীরা সদর থানা হাজত থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।