বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। এরই মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে শুরু করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আগামী এক মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) মাধ্যমে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদনপ্রক্রিয়া চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির জন্য ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ সময়সূচি অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর। এর মধ্যে ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিট, ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।