ইন্ডাকশন ওভেন কেনার ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন
ফাইল ছবি
জ্বালানি সংকট ও এলপিজি গ্যাসের অনিশ্চয়তার কারণে অনেকেই রান্নাঘরে গ্যাস বাঁচাতে বিকল্প পথের কথা ভাবছেন। বর্তমানে অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে ইন্ডাকশন ওভেনের ব্যবহার। নিয়মিত কিংবা জরুরি প্রয়োজনে ইন্ডাকশন ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে না বুঝে হুট করে কিনে ফেললে পস্তাতে হতে পারে। তাই কেনার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।
ইন্ডাকশন কুকার কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস মেনে চললে যন্ত্রটি যেমন দীর্ঘদিন টেকসই হয়, তেমনই ব্যবহারেও কোনো ঝামেলা থাকে না। প্রথমেই ওয়াটের দিকে নজর দেওয়া উচিত। সাধারণত ১০০০ থেকে ২০০০ ওয়াট আউটপুট সম্পন্ন ইন্ডাকশন কুকার বেছে নেওয়া ভালো। কারণ কম ওয়াটের ইন্ডাকশনে রান্না হতে সময় বেশি লাগে, যা বিদ্যুৎ খরচও বাড়িয়ে দিতে পারে।
নিরাপত্তার কথা ভেবে এখনকার আধুনিক ইন্ডাকশন কুকটপে অতিরিক্ত গরম হওয়া রোধ করতে 'অটো-অফ' সুবিধা দেওয়া হয়। কেনার সময় এই ফিচারটি আছে কি না তা নিশ্চিত হয়ে নেওয়া উচিত। এতে দুর্ঘটনা কিংবা যন্ত্র নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না।
এ ছাড়া 'টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট' বা তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা এবং নির্দিষ্ট সময় সেট করার জন্য 'টাইমার' ফিচার যুক্ত মডেল বেছে নেওয়া বুদ্ধিমত্তার কাজ হবে। কেনার সময় মান যাচাইয়ের চিহ্ন ও স্পেসিফিকেশন ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন। আর ব্যবহারের সময় সচেতন থাকতে হবে যেন এতে পানি বা আর্দ্রতা না লাগে। সব সময় কোনো শুকনো জায়গায় ইন্ডাকশন রাখা উচিত।