চবিতে যেকোনো সভা-সমাবেশে লাগবে অনুমতি

চবিতে যেকোনো সভা-সমাবেশে লাগবে অনুমতি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অনুমতি ছাড়া যেকোনো ধরণের মানববন্ধন-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার বলেন, যেকেউ চাইলে যেকোন সভা-সমাবেশ করতে পারবে। তবে, অনুমতি নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই বিজ্ঞপ্তি। তবে, কেউ চাইলে তাদের সাংগঠনিক কার্যক্রম, সভা, পাঠচক্র ইত্যাদি করতে পারবে।