গাজীপুরে দোকানে আগুন, আহত ২
সংগৃহীত
গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় যানবাহন ও কারখানায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার রিটেস্টিংয়ের একটি দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হিরন মিয়া জানান, নাওজোর এলাকায় বিভিন্ন যানবাহন ও কারখানায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের রিটেস্টিংয়ের একটি দোকানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ওই দোকানের আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের নিচে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।