মৌসুমের প্রথম যাত্রায় সেন্ট মার্টিনে ৮৩৭ পর্যটক, ফুল দিয়ে বরণ
সংগৃহীত ছবি
দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে মৌসুমের প্রথমবারের মতো কক্সবাজার থেকে ৮৩৭ পর্যটক নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে গেছে পর্যটকবাহী জাহাজ। দ্বীপে পৌঁছানোর পর পর্যটকদের মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা।
এসময় প্রথমবারের মতো দ্বীপে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার কিছু সময় পর সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ বারো আউলিয়া। এসময় জাহাজটিতে করে পুনরায় দ্বীপ ত্যাগ করেন কক্সবাজার থেকে যাওয়া ১০ জন সাংবাদিক এবং একটি পর্যটক পরিবারের সদস্যসহ মোট ৯ জন পর্যটক।
মৌসুমের প্রথম যাত্রায় ৮৩৭ জন পর্যটক সেন্ট মার্টিনে গেলেও তাদের মধ্যে ৯ জন ফিরে এসেছেন।
বাকি ৮২৮ জন পর্যটক দ্বীপে রাতযাপন করছেন।
পর্যটকদের ফিরে আসা এবং দ্বীপে রাত যাপনকারীদের সংখ্যার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
এদিকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কাজ করছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্বীপের অপরাধ নিয়ন্ত্রণ এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কোস্ট গার্ড কাজ করছে।
পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ডের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।