গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর খায়রুল হাসান

গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর খায়রুল হাসান

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার নতুন আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খায়রুল হাসান। শনিবার (৭ নভেম্বর) গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতিও ছিলেন।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি এ.এস.এম. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি গাজীপুর মহানগর জামায়াতের সাংগঠনিক পথচলার স্মৃতিচারণ করেন। তিনি জানান, মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমীর ছিলেন মরহুম এসএম সানাউল্লাহ। নতুন আমীরের নেতৃত্বে নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত আমীর মো. খায়রুল হাসানকে শপথবাক্য পাঠ করান জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব। শপথ অনুষ্ঠানে তিনি বলেন, আল্লাহর অপার সাহায্য ও সহযোগিতায় সংগঠন সামনে এগিয়ে যাচ্ছে। নেতৃত্বের ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ইমাম ভুল করলে মুসল্লিরা যেমন প্রয়োজনের সময় লোকমা দিয়ে সংশোধনে সহযোগিতা করেন, তেমনি সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রেও গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা থাকা প্রয়োজন। নতুন আমীরের নেতৃত্বে গাজীপুর মহানগর জামায়াত সাংগঠনিকভাবে আরও এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত আমীর মো. খায়রুল হাসান সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আপনারা আমার সামনে সমালোচনা করবেন আর গোপনে আমার জন্য দোয়া করবেন।’ সংগঠনকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও আন্তরিক দোয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও আফজাল হোসাইন, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, মেট্রো সদর থানা আমীর ছাদেকুজ্জামান খান, টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম এবং টঙ্গী পশ্চিম থানা আমীর মো. আনোয়ার হোসাইন। এ ছাড়া মহানগর কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য, বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারি, বিভাগীয় সভাপতি ও সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

নবনির্বাচিত আমীরের পরিচিতি--

মো. খায়রুল হাসান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল ও আলিম এবং ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতির দায়িত্ব পালনের পর জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তিনি গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি, নায়েবে আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শিক্ষা, স্বাস্থ্য, যুবকদের কর্মসংস্থান ও এলাকার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীরদের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণায় গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসেবে মো. খায়রুল হাসানের নাম অন্তর্ভুক্ত ছিল। শনিবারের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।