এক পরিবারের নয় সদস্যের আত্মহত্যা, ‘চক্র’-এর মুক্তি
ছবি: সংগৃহীত
২০০৭ সালে এক পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন তুলেছিল। সে বছরের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে আত্মহুতি দিয়েছিলেন তারা।
কয়েক বছর আগে ‘আদম পরিবারের’ এ ঘটনা পর্দায় আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ভিকি জাহেদ। এরইমধ্যে কাজটি সম্পন্ন করেছেন। ঘটনাটি নিয়ে ‘চক্র’ নামের একটি সিরিজ বানিয়েছেন তিনি। তবে কাজটিকে সরাসরি আদম পরিবারের ঘটনা বলতে চাইছেন না তিনি।
সংবাদমাধ্যমকে ভিকি জাহেদ বলেন, ‘এটা সরাসরি আদম পরিবারের গল্প না। বলতে পারেন, তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছিল সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি। একটার পর একটা বাধা পাচ্ছিলাম, কোনো না কোনো সমস্যা হচ্ছিলোই। এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম, এরপর সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড।’
তার কথায়, ‘যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প, সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পরে সেটি আটকে দেয়। অবশেষে অনেক দিন পর কাজটি আসছে। এই কাজটির সঙ্গে অনেক কিছু জড়িত। আনন্দ, বেদনা থেকে শুরু করে অনেক কিছুই।’
আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।
কাজটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘‘চক্র’ দারুণ একটি কাজ। এমন গল্পে কাজ করে তৃপ্তি আছে। আমরা সবাই তৃপ্তি নিয়েই কাজটি করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’’
ভিকি জাহেদের শেষ প্রকাশিত কাজ একটি খোলা জানালা। সিরিয়াল কিলিং নিয়ে নির্মিত এ শর্ট ফিল্মেও ফারিণ ছিলেন। তার সঙ্গে ছিলেন সালহা খানম নাদিয়া।