বিপিএলে নিজের দলের নাম জানালেন শাকিব খান
ছবি: সংগৃহীত
বলিউড তারকাদের আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়ার ঘটনা সবারই জানা। শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পা শেঠিদের মতো তারকারা একেকটি দলের মালিকানায় রয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এবার এমন দৃশ্য দেখবে। দল কেনার পর সেটির নামও জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’ দলের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ প্রমুখ।
শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আমি আশা করি আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্খিত সাফল্য।’
আগেই জানা গিয়েছিল, বিপিএলের আসন্ন আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবেন ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। ঢাকার দলের নামের ভার সমর্থকদের হাতে ছেড়ে দিয়েছিলেন ঢাকার মালিকপক্ষ।
ফেসবুকের জনমতের ভিত্তিতে অবশেষে চূড়ান্ত হয়েছে নাম। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে আসছে এই ফ্র্যাঞ্চাইজিটি।