দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ছবি: সংগৃহীত
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চলতি বছরের ১০ মাসে ৪৫ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক ও উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের গত ১০ মাসে ৪২ বিজিবির বিভিন্ন অভিযানে ফেনসিডিল, ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ইজিকাপ ও অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, গরু মোটাতাজাকরণের ট্যাবলেট, ভারতীয় মদ, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থান কাপড়, থ্রি-পিস, চাদর, বিছানার চাদর, মসলা, বেকারি পণ্য, চিনি ও ওষুধসহ বিভিন্ন সামগ্রী।
দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, গত অক্টোবর মাসে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। অভিযানে পালিয়ে যাওয়া আসামিদের শনাক্ত করে আটকের কার্যক্রমও চলমান রয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের প্রায় ৯৯ কিলোমিটার এলাকায় ২১টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন ৪২ বিজিবির সদস্যরা।
অক্টোবর মাসে পরিচালিত অভিযানে ৫৩৬ বোতল মদ, ১০৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ২৩৫ পিস ইয়াবা, ৭২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭১০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৪১ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৩৭৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৮ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধী চক্রের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪২ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে