খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, ক্ষোভ জানালেন কেসিসি প্রশাসক

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, ক্ষোভ জানালেন কেসিসি প্রশাসক

ছবিঃ সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো কালি লেপনের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি এ ঘটনাকে অসম্মানজনক ও বিদ্বেষমূলক আখ্যা দিয়ে বলেছেন, একই স্থানে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে বিকৃত করা দেয়ালচিত্রটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন এবং বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও রয়েছে। কিন্তু কে বা কারা তাঁর মুখমন্ডলে কালো কালি লেপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।

তিনি আরও বলেন, মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। তবে মতপ্রকাশের নামে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যা অন্যকে অসম্মানিত করে, জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা সমাজে বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির এ উদ্যোগ নগরবাসীর মধ্যে পরিচ্ছন্ন, পরিবেশসম্মত ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলার নতুন আশার সঞ্চার করেছে। দেয়ালচিত্রগুলো নগরীর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে। তাই এ ধরনের উদ্যোগকে বাধাগ্রস্ত না করে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়-এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

দেয়ালচিত্র বিকৃতির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশকে বলা হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকে কেসিসি। তবে শিববাড়ী মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি প্রতিকৃতির পাশে রবীন্দ্রবিরোধী বক্তব্যসংবলিত পোস্টারও সাঁটানো হয়। এসব পোস্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেওয়া হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে কারা বা কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে।