ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ৮০ শতাংশ ধ্বংস করলো রাশিয়া
ছবিঃ সংগৃহীত।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পোকরোভস্ক শহরের প্রায় ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রুশ সেনাবাহিনী। শুক্রবার (৪ অক্টোবর) স্থানীয় এক কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পোকরোভস্ক সামরিক প্রশাসন প্রধান সেরহিইই ডোবরিয়াক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলেছেন, জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রুশ হামলার লক্ষ্যবস্তু। পোকরোভস্কের অর্ধেকটা সহ নিকটবর্তী ১০টি গ্রাম ও ১টি শহর সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় আছে।
তিনি আরও বলেছেন, ‘শত্রুপক্ষ আমাদের বিদ্যুৎ, পানি ও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত করছে।’সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোকরোভস্কে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
ডোবরিয়াক বলেছেন, শহরে এখন ১৩ হাজার ৫০ জন বাসিন্দা আছেন। বিগত কয়েক সপ্তাহ ধরেই স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। মাত্র মাস দেড়েক আগেও এখানে প্রায় ৪৮ হাজার মানুষ বাস করতেন। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর চার পঞ্চমাংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
অবশ্য বেসামরিক কোনও অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছ মস্কো।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর শুক্রবার সকালের প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পোকরোভস্কে ৩০টি রুশ হামলা প্রতিহত করা হয়েছে।