মুন্সিগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেতুমন্ত্রী
সংগৃহীত
মুন্সিগঞ্জের ইছামতি নদীর ওপর প্রস্তাবিত ‘কুন্ডেরবাজার সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার বিকালে মুন্সিগঞ্জ (ছনবাড়ি)-কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কের কুন্ডেরবাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প (ঢাকা জোন)’-এর আওতায় আধুনিক ও টেকসই এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এটি মুন্সিগঞ্জ (হাসাড়া)-কুন্ডেরবাজার-শ্রীনগর জেলা মহাসড়কের (জেড-৮০০৪) ষষ্ঠ কিলোমিটারে অবস্থিত বিদ্যমান ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির স্থলাভিষিক্ত হবে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে স্টিল কম্পোজিট কাঠামোর এই সেতুটি নির্মিত হচ্ছে। এর দৈর্ঘ্য ১৫১ দশমিক ৯ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩ মিটার। দুই লেনের এই সেতুর সঙ্গে ৬০০ মিটার সংযোগ সড়ক ও নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুন ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
সেতুটি চালু হলে মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলার সড়ক যোগাযোগ নিরাপদ ও নির্বিঘ্ন হবে। পাশাপাশি রাজধানীর সঙ্গে আঞ্চলিক মেলবন্ধন সুদৃঢ় হওয়ার পাশাপাশি স্থানীয় আলু, ধান, গমসহ কৃষিপণ্য ও বাণিজ্যিক পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকটাই কমে আসবে।