টিপু হিয়াজোড়ির বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ আলেমসমাজ, ইউএনওকে স্মারকলিপি
ছবিঃ সংগৃহীত।
কুমিল্লার নাঙ্গলকোটে গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজোড়ির কথিত বিতর্কিত ধর্মীয় বক্তব্যের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠন ও ধর্মীয় অঙ্গনের আলেমরা। একই বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতিও দিয়েছেন কয়েকজন আলেম।
সোমবার (৯ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন কওমি আলেম সংগঠন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে হিজবুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও মুসলিম ঐক্য পরিষদের প্রতিনিধিরা অংশ নেন।
স্মারকলিপি প্রদান শেষে আলেমদের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা কারও শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার ক্ষুণ্ন করতে চান না। গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজোড়িও শান্তিপূর্ণভাবে বসবাস করুন, সেটিই তাঁদের প্রত্যাশা। তবে ধর্মীয় বিষয়ে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা ইসলামের মৌলিক আকিদা, তাহজিব ও তামাদ্দুনের পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, কোরআন-হাদিস, নামাজ, রোজা, হজ, জাকাত ও পর্দাসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি ও বিতর্ক রয়েছে। এসব বক্তব্যকে তাঁরা আপত্তিকর ও অগ্রহণযোগ্য মনে করেন। ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও পরিচয় নিয়ে তাঁদের কোনো বিরোধ নেই। তবে ইসলাম ও মুসলমানদের মৌলিক ধর্মীয় বিশ্বাস নিয়ে বিভ্রান্তিকর, উসকানিমূলক বা আপত্তিকর বক্তব্য দেওয়ার অধিকার কারও নেই বলে তাঁরা মনে করেন।
আলেমরা আরও জানান, তাঁরা কোনো ধরনের অশান্তি, সংঘাত বা বিশৃঙ্খলা চান না। স্মারকলিপি দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন। তাঁদের দাবি, প্রশাসন যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনে এবং ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে- এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের কারণে যেন সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় শান্তি বিঘ্নিত না হয়, সে বিষয়ে আগাম কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সিনিয়র সহসভাপতি মাওলানা সাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক আনোয়ারী যৌথ বিবৃতিতে ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল বক্তব্য দেওয়া, ইসলামের মৌলিক আকিদা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
খিদমাতুল ইসলাম পরিষদের সভাপতি মাওলানা সাদ উদ্দীন পৃথক বিবৃতিতে গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজোড়ির কথিত বিতর্কিত ধর্মীয় বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এসব বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে—এমন কর্মকাণ্ড থেকে তাঁকে বিরত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কওমি সংগঠনের মাওলানা ইয়াকুব ও মাওলানা সাজ্জাদ হোসাইন রাহাত; হেফাজতে ইসলামের মাওলানা নুরুল আমিন ও মাওলানা মোছলেহ উদ্দিন মোবারকপুরী; খেলাফত মজলিসের মাওলানা খালেদ সাইফুল্লাহ ও মাওলানা রহমতুল্লাহ; বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুল কাদের ও মাওলানা বেলায়েত; ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ শহীদুল্লাহ ও মাওলানা বাকি বিল্লাহ; জমিয়তে হিজবুল্লাহর মাওলানা ওবাইদুল্লাহ সালেহী; জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা নেছার উদ্দিন এবং মুসলিম ঐক্য পরিষদের হাফেজ ইয়াকুব, মাওলানা মোহাম্মদ ও মাওলানা আব্দুল্লাহ মোতালেব।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের আরও অনেক আলেম এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
আলেম ও সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, তাঁদের উদ্দেশ্য কারও সঙ্গে সংঘাত সৃষ্টি করা নয়; বরং ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।