অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসা পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত
রাজধানীর সাইনবোর্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসা পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ইসলামী আন্দোলণ বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসাটি পরিদর্শন করেন। এসময় তিনি মাদরাসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুফিজুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, পীর সাহেব চরমোনাই এ ঘটনা শুনে খুবই মর্মাহত হন। তিনি অগ্নিকাণ্ডের ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক বলে অভিহিত করেন। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তাওফিক দান করুন। ক্ষতিগ্রস্ত মাদরাসার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।