৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর আফসার আলী
মীর আফসার আলী
প্রায় পাঁচ বছর পর ফিরছে ওপার বাংলার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। নতুন বিন্যাসে সাজানো হয়েছে মীর আফসার আলী সঞ্চালিত এই শোয়ের ১১তম সিজন। নতুন বছরের শুরুতে নতুন সিজনের সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।
২০২১ সালে সর্বশেষ প্রচার হয় ‘মীরাক্কেল’। কেন এতদিন বন্ধ ছিল জনপ্রিয় এই শো? এ প্রশ্নের জবাবে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “ইদানীং সম্প্রচারের ক্ষেত্রে ‘সেন্সরশিপ’ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নানাবিধ বিধি-নিষেধ রয়েছে। এজন্য কৌতুক শোয়ের ক্ষেত্রে অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়।”
খানিকটা ব্যাখ্যা করে শুভঙ্কর চ্যাটার্জি বলেন, “অনেক দিন আগে আমি বা মীর একটি সাক্ষাৎকারে বলেছিলাম—‘মীরাক্কেল’ হয়তো আর করা যাবে না। কারণ এখন অনেক বিধি-নিষেধ আরোপিত হয়েছে; এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। খুব সোজা কথায়, কৌতুকের মধ্যে নির্মম মজা বা সামাজিক শিষ্টাচার সেভাবে না-মানার একটা ঝোঁক থাকে। কাউকে কটাক্ষ করে কথা বলা, কাউকে নিয়ে কথা বলা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, সেটা আর সরলভাবে মেনে নেওয়ার জায়গা থেকে আমরা অনেক সরে গিয়েছি বলে মনে হয়। এত বিধি-নিষেধের মধ্যে কৌতুক এখন খুব কঠিন।”
আনন্দের কথা জানিয়ে শুভঙ্কর চ্যাটার্জি বলেন, “কিছু একটা ভাবার সময়, একটা কিছু নিয়ে কমেডির স্কেচ বানাব বা চিত্রনাট্য লিখব, সেখানে যদি মাথার মধ্যে এটা না, ওটা না, সেটা না—এসব আগে থেকে বসতে থাকে, তা হলে ভালোটা বের করা খুব কঠিন। তবে চ্যানেল কর্তৃপক্ষ এবার এটাকে রূপে আনার কথা ভাবছে, আমরা অত্যন্ত খুশি।”
তবে তুলনামূলকভাবে চাপটাও বেশি বলে মনে করেন শুভঙ্কর চ্যাটার্জি। তার ভাষায়, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পুরোনো ভিডিওর অংশ বা রিল মুহূর্তে ভাইরাল হয়। ফলে নতুন সিজনে চ্যালেঞ্জ, মানদণ্ড ভাঙার তাগিদটাও অনেক বেশি। দর্শকদের প্রত্যাশা পূরণে নতুনত্ব আনতে ক্রিয়েটিভ টিমের উপর চাপ অনেকটা বেশি। তারপরও যোগ্য প্রতিযোগী পেলে ‘মীরাক্কেল’ আবার আগের মতো ঝড় তুলতে পারে, তা নিয়ে যথেষ্ট আশাবাদী।”
সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ মীরাক্কেলের নতুন সিজনের সম্প্রচার শুরু হতে পারে। জানুয়ারির শেষ লগ্নে শুরু হতে পারে শুটিং। তবে পুরোটাই নির্ভর করছে কেমন যোগ্য প্রতিযোগী পাওয়া যাচ্ছে তার উপর।
৫ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি নিজের বলা ‘জোকস’-এর ভিডিও পাঠিয়ে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন। সেখান থেকে বাছাই করার পর শুরু হবে মূল পর্বের লড়াই। আর বিচারকের আসনে কারা থাকবেন, তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে পুরোনো ও নতুন মুখের একটি সমাবেশ রাখার কথা ভাবছেন সংশ্লিষ্টরা।