ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেফতার

ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১০ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

শুক্রবার কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। তার বাড়ি গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি ইউনিয়নের শিবপুর এলাকার শেখ বাড়িতে। তিনি মৃত আব্দুর রকিব শেখের ছেলে। বর্তমানে খুলনা সদর থানার বাগমারা মেইন রোড এলাকায় বসবাস করেন।

সিএমপির ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের উপকমিশনার কাজী মোহাম্মদ আবদুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা কালো রঙের একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে