জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ

জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ

প্রতিকি ছবি

 

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। এর মধ্যে ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা জেলেদের জন্য রেখে বাকি মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেছেন ট্রলারের মালিক।

সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক মোহাম্মদ শফিক শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা।
মোহাম্মদ শফিক (৪০) জানান, মাছগুলো তিনি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। মাছগুলো কিনতে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। সন্ধ্যায় মাছগুলো ট্রাকে ভরে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়। জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। লাল কোরালগুলোর প্রতিটির ওজন ছিল এক থেকে পাঁচ কেজি এবং চাপা সুরমার ওজন এক থেকে দেড় কেজি। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে দেওয়া হয়। বাকি ৮২৫টি মাছ বিক্রি করা হয়েছে।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ‘ধরা পড়া কোরাল মাছের একটি অংশ ইতোমধ্যে কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হয়েছে। এসব মাছ প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হবে। কক্সবাজার ও ঢাকার বিভিন্ন হোটেলে লাল কোরালের চাহিদা রয়েছে।
লাল কোরাল মাছ বাংলাদেশে কোরাল ও ভেটকি নামেও পরিচিত। চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় লোকজনের কাছে এটি লাল পানসা, রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে পরিচিত।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, ‘একসঙ্গে এত বিপুল পরিমাণ লাল কোরাল মাছ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। লাল কোরাল অত্যন্ত সুস্বাদু মাছ। এ মাছ সাধারণত ঝাঁক বেঁধে প্রবাল প্রাচীরের আশপাশে বিচরণ করে। এ কারণে সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন এলাকায় মাছটি বেশি পাওয়া যায়। একটি লাল কোরাল মাছের ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে।’
ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে রওনা দেয়। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলেন। জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ দেখতে পান। পরে মাছগুলো নিয়ে দুপুরে শাহপরীর দ্বীপ ঘাটে ফেরেন।
স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এই মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে।