১৭ বছর সংস্কার হয়নি সড়ক, চাঁদা তুলে সড়ক মেরামতে নামলেন গ্রামবাসী
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার ধরনা দিয়েও মেলেনি প্রতিকার। অবশেষে নিজেদের দুর্ভোগ কমাতে নিজেরাই উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। চাঁদা তুলে ৮ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার সংযোগ সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ। স্থানীয় বাসিন্দাদের এ উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। কাজ দেখতে আশপাশের গ্রাম থেকেও প্রতিদিন ভিড় করছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বক্সমাহমুদ থেকে সাহেবের বাজার হয়ে ফুলগাজী উপজেলা সদর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। বন্যায় সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে পড়ে সড়কটি। এতে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে।
সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের দুর্ভোগ ছিল বেশি। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছিল।
উপজেলা বিএনপির সদস্যসচিব ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি বলেন, ‘পরশুরাম ও ফুলগাজী উপজেলার মানুষের যোগাযোগের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ প্রায় ১৭ বছর ধরে এখানে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। এলাকাবাসী মিলে ৮ থেকে ১০ লাখ টাকা ব্যয়ে আপাতত চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।’
স্থানীয় তরুণ লোকমান হোসেন বলেন, ‘সড়কটির দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কষ্ট পাচ্ছেন। তাই তরুণেরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, আর এলাকাবাসী অর্থ দিয়ে সহযোগিতা করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আপাতত সড়কটি চলাচলের উপযোগী করা হচ্ছে।’
এ বিষয়ে পরশুরাম উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। সড়কটির বিষয়ে খোঁজখবর নেব। সরেজমিনে পরিদর্শন করে দ্রুত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।’