মাগুরায় শুরু হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ কাত্যায়নী উৎসব
ছবি: সংগৃহীত
ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে মাগুরার ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। এশিয়ার অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে মাগুরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগমের প্রত্যাশায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।
এ উপলক্ষে সকাল ১১টার দিকে মাগুরা পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এ বছর জেলার বিভিন্ন এলাকায় মোট ১০২টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, শুধু পূজামণ্ডপ নয়, পুরো মাগুরা শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৫০ সালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি ছোট পরিসরে এ পূজার প্রচলন করেন। সময়ের ব্যবধানে সেই আয়োজন আজ দেশ-বিদেশে পরিচিত বৃহৎ উৎসবে রূপ নিয়েছে। প্রতিমার বৈচিত্র্য, দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা ও বর্ণিল আলোকসজ্জার কারণে প্রতিবছর এ উৎসবে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
এবারও শহরের জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, বাটিকাডাঙ্গা, শিবরামপুর ও নিজনান্দুয়ালীসহ বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন পূজামণ্ডপ। কোথাও প্লাস্টিকের চামচ, কোথাও বাঁশের ছটানসহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে ব্যতিক্রমী প্রবেশপথ ও মণ্ডপসজ্জা। পূজাকে ঘিরে বসবে ঐতিহ্যবাহী মেলা। উৎসবের আনন্দ ভাগ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা মাগুরায় আসবেন বলে আশা করছেন আয়োজকেরা।
প্রতিমা নির্মাণশিল্পী বিধান বিশ্বাস বলেন, ‘আমরা সাত থেকে আটজন মিলে প্রতিমা তৈরির কাজ করছি। একটি প্রতিমা তৈরি করতে প্রায় ২১ থেকে ২২ দিন সময় লাগে। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় প্রতিমা তৈরিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
মাগুরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু বলেন, এ বছর জেলায় মোট ১০২টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মাগুরা পৌরসভায় ২১টি, সদরে ৩১টি, শালিখায় ২৫টি, মহম্মদপুরে ১৪টি এবং শ্রীপুরে ১১টি মণ্ডপ রয়েছে। দূরদূরান্ত থেকে প্রতিবছর অসংখ্য মানুষ এ উৎসবে যোগ দিতে আসেন।
তিনি আরও বলেন, ঐতিহ্য আর উৎসবের মেলবন্ধনে কাত্যায়নী পূজাকে ঘিরে এখন উৎসবমুখর মাগুরা। দর্শনার্থীদের পদচারণায় আগামী পাঁচ দিন মুখর থাকবে শহরের অলিগলি ও পূজামণ্ডপগুলো।