সিংড়ায় প্রধান শিক্ষকের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিংড়ায় প্রধান শিক্ষকের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি: সংগৃহীত

 

নাটোরের সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাত লাখ টাকা আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার বেলা ১১টায় বিদ্যালয়টির সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক আনিছুর রহমানের বিচার দাবি করা হয়। 

কর্মসূচিতে স্থানীয় যুবক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাদশা মিয়া, জানু আক্তার, মোস্তাফিজুর রহমান মুন্না, সাব্বির হোসেন, আসিফ হোসেনসহ অন্যরা।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু সমস্যা হয়েছে। একটি পক্ষ তার বিরুদ্ধে এই কর্মসূচি পালন করেছে।

প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, প্রতিষ্ঠানের ২০২৩ সালের অর্থনৈতিক কিছু হিসাব নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।