হার্বাল ওষুধ উৎপাদনে কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা
ফাইল ছবি
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস হার্বাল বা ভেষজ ওষুধের বাজারে পা রাখছে। এ লক্ষ্যে শতভাগ মালিকানাধীন একটি নতুন সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় ‘বেক্সিমকো ফার্মা নিউট্রাসিউটিক্যালস লিমিটেড' নামে প্রস্তাবিত নতুন কোম্পানি নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। নতুন প্রতিষ্ঠানটি ভেষজ ওষুধ উৎপাদন ও বিপণনের কাজ করবে। বেক্সিমকো ফার্মা বলছে, পণ্যের পরিধি বাড়ানো এবং স্বাস্থ্য সেবা খাতে উপস্থিতি আরো বিস্তৃত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত কোম্পানির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০০ কোটি টাকা। এটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। শুরুতে পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা, যার পুরোটাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস নিজে জোগান দেবে। অর্থাৎ নতুন কোম্পানিতে মূল প্রতিষ্ঠানের মালিকানা থাকবে শতভাগ।
তবে এখনই কার্যক্রম শুরু হচ্ছে না বলে কোম্পানিটি জানিয়েছে, নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ও কার্যক্রম শুরু নির্ভর করছে প্রয়োজনীয় বিধিবদ্ধ ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর। ওষুধ খাতে ভেষজ পণ্য উৎপাদনের জন্য সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ও ছাড়পত্র প্রয়োজন হয়, ফলে অনুমোদন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।
কোম্পানি এই উদ্যোগ থেকে বেক্সিমকোর মুনাফায় কোনো আর্থিক প্রভাব সম্ভাবনা নেই বলে জানিছেন প্রতিষ্ঠানটি।