যশোর আইনজীবী সমিতিতে ক্যাশলেস লেনদেন চালু

যশোর আইনজীবী সমিতিতে ক্যাশলেস লেনদেন চালু

সংগৃহীত

যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ওকালতনামা বিক্রয়ের মাধ্যমে অনলাইন অটোমেশন সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা চালু হয়েছে।

রোববার সমিতির ১ নম্বর ভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সভাপতি ও যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক এম এ গফুর এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আইনজীবী কাজী ফরিদুল ইসলাম প্রথম ডিজিটাল ওকালতনামা কেনেন। অনুষ্ঠানে সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসুদেব বিশ্বাসসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সৈয়দ সাবেরুল হক সাবু জানান, নতুন সফটওয়্যারে ওকালতনামাসহ সমিতির সব প্রয়োজনীয় ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করা যাবে। 

ফরম বিক্রয়, হিসাব ও আর্থিক লেনদেনের তথ্যও এতে সংরক্ষিত থাকবে। এতে সময় বাঁচবে এবং লেনদেনের তথ্য যাচাই সহজ হবে। সদস্যরা চাঁদা, ফি, ভাড়া ও ফরম ক্রয়সহ অন্যান্য লেনদেন ডিজিটাল পদ্ধতিতে করতে পারবেন। ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।

তিনি আরও জানান, সমিতির ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এতে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান ও শহীদ মশিয়ুর রহমানসহ আরও অনেকের তথ্য যুক্ত হচ্ছে। 

১৭৮৪ সালে যাত্রা শুরু করা সমিতির ২৪২ বছরের পুরোনো গ্রন্থাগারে থাকা দুর্লভ আইনবিষয়ক বইয়ের তথ্যও এর আওতায় রয়েছে।