দক্ষিণ চীন সাগর নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ আসিয়ান সম্মেলন

দক্ষিণ চীন সাগর নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ আসিয়ান সম্মেলন

ফাইল ছবি

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমাতে আচরণবিধি প্রণয়নের দীর্ঘদিনের আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে খসড়া চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক ঐকমত্য হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো। তিনি বলেন, চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে প্রস্তাবিত আচরণবিধি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১১ সদস্যের আসিয়ান জোটের সভাপতির দায়িত্বে রয়েছে ফিলিপাইন। চলতি বছরের শেষ নাগাদ চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি। তবে লাজারো আশা প্রকাশ করেন, আগামী বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাওয়া সিঙ্গাপুরের উদ্যোগে আলোচনার অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা কমাতে চীন ও আসিয়ান দুই দশকের বেশি সময় ধরে একটি আচরণবিধি প্রণয়নের চেষ্টা করছে। এই সাগরের বিভিন্ন অংশের ওপর চীন ছাড়াও ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের দাবি রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো চায়, প্রস্তাবিত আচরণবিধি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। তাদের অভিযোগ, দক্ষিণ চীন সাগরে চীন আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। তবে বেইজিং বরাবরই দাবি করে আসছে, ওই অঞ্চলে তাদের কর্মকাণ্ড আইনসম্মত ও পেশাদার।

২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালত এক রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের বিস্তৃত দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে জানায়। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে।

বিশেষ করে চীন ও ফিলিপাইনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগর নিয়ে একাধিকবার সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। ফিলিপাইনের অভিযোগ, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ বিপজ্জনকভাবে চলাচল করছে, জলকামান ব্যবহার করছে এবং সরবরাহ কার্যক্রমে বাধা দিচ্ছে। অন্যদিকে চীনের দাবি, ফিলিপাইন তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে।

২০২২ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে মিয়ানমারের নেতার আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। ২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমার পর্যাপ্ত অগ্রগতি দেখাতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশটিতে চলমান গৃহযুদ্ধে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে বেসামরিক মানুষ আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসিয়ান নেতারা। তারা বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

নিষেধাজ্ঞা অনুযায়ী, মিয়ানমার আসিয়ান সম্মেলনে কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে। চলতি বছর আসিয়ানের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার কথা ছিল মিয়ানমারের। তবে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণে সেই দায়িত্ব ফিলিপাইনের হাতে দেওয়া হয়।

২০২১ সালের এপ্রিলে মিয়ানমারের সংকট সমাধানে পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করেছিল আসিয়ান। ওই বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের ব্যাপক বিক্ষোভ শুরু হলে কঠোর দমন-পীড়ন চালানো হয়। পরে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রূপ নেয়।

ম্যানিলায় আসিয়ান নেতারা পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতির ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা বন্ধ করার আহ্বান জানান।

মিয়ানমারবিষয়ক আসিয়ানের বর্তমান বিশেষ দূত থেরেসা লাজারো বলেন, দেশটিতে এখনো বোমা হামলা ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। এসব সমস্যা কীভাবে মোকাবিলা করা হচ্ছে, তা ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান।

এদিকে সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইং নির্বাচনের পর মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে বিবেচিত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর আসিয়ানের কয়েকটি সদস্যদেশ সফর করেছেন তিনি।

তবে এসব সফরে বাধা না দিলেও আসিয়ান নেতারা জানিয়েছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট মোকাবিলায় ২০২১ সালের পাঁচ দফা ঐকমত্যই তাদের প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে।