বিচারকদের জন্য ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বিচারকদের জন্য ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মাইক্রোবাসগুলো কেনা হয়েছে। রেজিস্ট্রেশন ব্যয়সহ ৯টি মাইক্রোবাস কিনতে মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

মাইক্রোবাসগুলোর মধ্যে ছয়টি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এ ছাড়া দুটি দেওয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়বে। পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।