আয়বহির্ভূত সম্পদ অর্জন, মাদক ব্যবসায়ীকে ৬ বছরের কারাদণ্ড

আয়বহির্ভূত সম্পদ অর্জন, মাদক ব্যবসায়ীকে ৬ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

দুই কোটি ৯১ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপানের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার জেলার টেকনাফের মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাহের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, তাহেরের বিরুদ্ধে ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করে দুদক তার সম্পদ বিবরণী যাচাই করে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। এছাড়া তার সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর সম্পদ ও ব্যয়ের পরিমাণের সঙ্গে বৈধ আয়ের অসংগতি পাওয়া যায় ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকা। এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে তাহেরের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগ দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী আবু তাহেরকে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।