পরশুরামে আমনের বাম্পার ফলন, সোনালি ধানে কৃষকের মুখে তৃপ্তির হাসি
ছবি: সংগৃহীত
ফেনীর পরশুরামে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি এখন পাকা সোনালি ধানে ভরে উঠেছে। কোথাও চলছে ধান কাটা, কোথাও আঁটি বেঁধে বাড়িতে নেয়া, আবার কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। দীর্ঘদিনের শ্রম, পরিচর্যা ও প্রতিকূলতা পেরিয়ে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পেরে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। তবে ভালো ফলন সত্ত্বেও উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা কাটেনি তাঁদের।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে পেকে আছে আমন ধান। বাতাসে দুলছে সোনালি শিষ। সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষকেরা দলবেঁধে ধান কাটছেন। কেউ মাথায় করে, কেউ ভ্যান ও অন্যান্য যানবাহনে করে সদ্য কাটা ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। ধান মাড়াই, শুকানো ও সংরক্ষণের প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন পরিবারের সদস্যরা। সব মিলিয়ে গ্রামীণ জনপদে এখন ফসল ঘরে তোলার উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমের শুরুতে মাজরা পোকার আক্রমণের আশঙ্কায় তাঁরা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে নিয়মিত পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে অধিকাংশ জমিতে আশানুরূপ ফলন হয়েছে। এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৯২, ৯৩, ৯৪, ১০৮, ৫১, স্বর্ণবাসরি ও দশসহ বিভিন্ন জাতের ধান চাষ করেছেন কৃষকরা। জাতভেদে ফলনের কিছুটা পার্থক্য থাকলেও সামগ্রিক উৎপাদনে সন্তুষ্ট তাঁরা।
ধানের আঁটি বাঁধতে বাঁধতে কৃষক আবুল কাশেম বলেন, ‘অনেক পরিশ্রম করেছি, এখন সেই পরিশ্রমের ফল পেয়েছি। ধানগুলো দেখে খুব ভালো লাগছে। বাড়িতে নিয়ে পরিবারের সবাই মিলে ধান সংগ্রহ করব। ধান বিক্রি করার ইচ্ছা নেই। বউ-বাচ্চাদের নিয়ে নিজেরাই খাব। এবারের ফলনে আমি অনেক খুশি। পরিবারের সদস্যরাও উৎসাহ দিচ্ছেন, প্রতিবছর যেন এভাবে ধান চাষ করি।’
আরেক কৃষক জামাল হোসেন বলেন, ‘আমি প্রায় ১০০ শতক জমিতে ৯২ ও ৯৪ জাতের ধান চাষ করেছি। আলহামদুলিল্লাহ, ধান ভালো হয়েছে। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি। ধানগুলো বাড়িতে নিতে পারলে পরিবারের সবাই খুশি হবে। কিছু ধান নিজেদের খাওয়ার জন্য রাখব, বাকিটা বিক্রি করব। তবে বাজারে ধানের ন্যায্যমূল্য পাব কি না, তা নিয়ে কিছুটা চিন্তায় আছি।’
কৃষকদের কাছে আমনের এই ফলন শুধু মৌসুমি আয়ের উৎস নয়, বরং সারা বছরের খাদ্যনিরাপত্তার অন্যতম ভরসা। নিজেদের উৎপাদিত ধান দিয়ে পরিবারের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত ধান বিক্রি করে উৎপাদন খরচের একটি অংশ তুলে আনার প্রত্যাশা তাঁদের। তবে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হবে বলে মনে করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, পরশুরাম উপজেলায় চলতি মৌসুমে মোট ৫ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকেরা এ মৌসুমে আমন ধান চাষ করেছেন। পুরোপুরি ধান কাটা ও মাড়াই শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত উৎপাদনের পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে গতবারের তুলনায় এবার ফলন ভালো হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, ধান উৎপাদনের প্রতিটি ধাপেই তাঁদের বাড়তি শ্রম ও অর্থ ব্যয় করতে হয়েছে। জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ, সেচ, আগাছা পরিষ্কার এবং পোকামাকড় দমনের মতো নানা কাজ সামাল দিয়ে তাঁরা ফসল ফলিয়েছেন। এখন সেই পরিশ্রমের ফসল ঘরে তোলার পালা।
কৃষকদের প্রত্যাশা, ভালো ফলনের পাশাপাশি সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এতে উৎপাদন খরচ মিটিয়ে তাঁরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আগামী মৌসুমেও ধান চাষে আরও উৎসাহিত হবেন। তাঁদের মতে, কৃষকের শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা গেলে আমন মৌসুমের এই সাফল্য গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।