মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মানুষের চেহারায় বিড়ালের ছাপ দেখছেন যুবক!
সংগৃহীত ছবি
মস্তিষ্কের ডান দিকের টেম্পোরাল লোবে রক্তনালির অস্বাভাবিক জট (আর্টেরিওভেনাস ম্যালফরমেশন) অপসারণের জন্য অস্ত্রোপচারের পর থেকে এক বিরল দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন ২৮ বছর বয়সী এক যুবক। মস্তিষ্কের যে অংশটি মানুষের মুখমণ্ডল শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়, ঠিক সেখানেই এই অস্ত্রোপচার করা হয়েছিল। এর ফলে ওই যুবক এখন মানুষের মুখে বিড়াল ও অন্যান্য প্রাণীর অবয়ব দেখতে পাচ্ছেন।
এই যুবকের নাম কার্ল এবং তিনি প্রায় দুই বছর ধরে এই বিরল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা ‘নিউজউইক’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ‘কর্টেক্স’ নামের একটি জার্নালে গবেষণাপত্র হিসেবেও নথিভুক্ত করা হয়েছে।
কার্লের এই সমস্যার নাম ‘প্রোসোপোমেটামরফোপসিয়া’ (PMO), যা একটি অত্যন্ত বিরল স্নায়বিক সমস্যা। এই রোগে আক্রান্ত ব্যক্তি মানুষের মুখমণ্ডল বিকৃতভাবে দেখতে পান। তাদের কাছে মানুষের মুখের বিভিন্ন অংশ যেমন: চোখ, নাক বা মুখ প্রসারিত, স্থানচ্যুত কিংবা স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট মনে হতে পারে। এমনকি অনেক সময় ত্বকের রং ও গঠনও ভিন্ন বলে মনে হয়।
অস্ত্রোপচারের পর থেকে কার্লের মনে হয় তিনি এক মানুষের চেহারায় অন্য মানুষের বৈশিষ্ট্য দেখছেন। সবচেয়ে বেশি যেটি ঘটে, তা হলো তার প্রিয় পোষা বিড়াল ‘লুনা’র চোখের মতো বাদাম আকৃতির চোখ, বড় চোখের মণি এবং ডোরাকাটা দাগ তিনি তার চারপাশের মানুষের মুখে দেখতে পান। আবার কখনো কখনো পরিচিত মানুষের চোখের গঠন বা মুখের আদল তিনি লুনার মুখে দেখতে পান। এই অদ্ভুত সমস্যা কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো সারা দিন ধরেই চলতে থাকে।
সাধারণত স্ট্রোক, ব্রেন টিউমার, মাথায় আঘাত, খিঁচুনি বা অস্ত্রোপচারের কারণে মুখমণ্ডল শনাক্ত করার জন্য দায়ী মস্তিষ্কের অংশগুলো ক্ষতিগ্রস্ত হলে এই রোগ দেখা দিতে পারে। তবে সব সময় এর সঠিক কারণ জানা যায় না।
ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডুচেইন কার্লের এই ঘটনাটি নথিভুক্ত করতে সহায়তা করেছেন। নিউজউইককে তিনি জানান, মানুষের মস্তিষ্ক পরিচিত মুখগুলোর বিস্তারিত স্মৃতি সংরক্ষণ করে রাখে। কার্লের ক্ষেত্রে যা ঘটছে তা হলো তিনি যখন অন্য কোনো মানুষ বা তার বিড়ালের দিকে তাকান, তখন মস্তিষ্কে সংরক্ষিত সেই পরিচিত মুখগুলোর বৈশিষ্ট্য তার চোখের সামনে ভেসে ওঠে। মানুষের মস্তিষ্ক কীভাবে পরিচিত মুখগুলোকে প্রক্রিয়াজাত করে, কার্লের এই বিরল ঘটনাটি গবেষকদের তা নতুন করে বোঝার সুযোগ করে দিয়েছে।