কমিউনিটি ব্যাংকের সিএসই-সিসিইদের সঙ্গে এমডির মতবিনিময়
সংগৃহীত
প্রতিষ্ঠানের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে মতবিনিময় করেছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
সভায় মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কেবল আর্থিক অর্জনের ওপর নির্ভর করে না। বরং প্রতিটি কর্মীর দক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই সেই সাফল্য টেকসই হয়।
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রত্যেক কর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় পর্বে কর্মীরা তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা ১০ জন সিএসই ও সিসিইকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।