মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজ শেষে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ সংঘর্ষ হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

নিহত ব্যক্তির নাম ফজর আলী গাজী (৫৫)। তিনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। আহত অন্যরা হলেন— ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫)  ও তার ছেলে বুলবুল গাজী (২২)।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করেন। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দান করা ছাগলটি বিক্রির পদক্ষেপ নেওয়া হয়। ছাগলটি বাকিতেই বিক্রি হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হয়। এ নিয়ে দুপক্ষের মুসল্লির তর্ক বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন আহত হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজর আলী গাজীকে মৃত ঘোষণা করেন।

ওসি তুষার কান্তি দাশ বলেন, মারপিটের ঘটনায় ফজর আলী গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।